সময়—সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে মূল্যবান উপহারগুলোর একটি। অথচ সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমাদের হাতে আর কতটা সময় অবশিষ্ট আছে—তা আমরা কেউই জানি না। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি, কাজে যাই, কথা বলি, অভিমান করি, রাগ করি, ভালোবাসি, আবার ভাবি—“কাল তো আছেই…” কিন্তু সবসময় কাল আসে না। সত্যি বলতে, আমাদের কারও কাছেই আগামীকাল বলে কোনো নিশ্চয়তা নেই। জীবন শেষ হওয়ার আগে কোনো চিঠি পাঠায় না। কোনো শেষ ঘণ্টা বাজে না। কেউ এসে বলে না—“প্রস্তুত হও, এটাই তোমার শেষ দিন।” সবকিছু খুব স্বাভাবিকভাবেই চলতে থাকে…আর হঠাৎ একদিন আমাদের গল্পটা থেমে যায়।
আজ যে মানুষটির সঙ্গে আমি কথা বলেছি, তার কিংবা আমার সঙ্গে এটাই ছিল হয়তো আমাদের শেষ কথোপকথন। কিন্তু আমরা বুঝতে পারোনি। হয়তো আজ যে মানুষটিকে জড়িয়ে ধরেছিলাম, সেটাই হয়তো ছিল শেষবার। হয়তো আর কোনোদিন সেই বুকের উষ্ণতায় ফিরে যাওয়া হবে না। হয়তো মায়ের কণ্ঠে শোনা কোনো সাধারণ ডাক, বাবার বলা কোনো পরিচিত কথা, প্রিয় মানুষের পাঠানো কোনো ছোট্ট মেসেজ—একদিন সেগুলোই হয়ে উঠবে হয়তো এমন স্মৃতি, যার কাছে ফিরে যেতে চাইলেও আমরা আর ফিরে যেতে পারবো না। হয়তো আজকের সূর্যাস্ত আমরা খুব স্বাভাবিকভাবেই দেখছি, আকাশের রঙ বদলাচ্ছে দেখছি, পাখিদের ঘরে ফেরা দেখছি, চারপাশ ধীরে ধীরে অন্ধকার হতে দেখছি। কিন্তু আমরা হয়তো জানতেই পারছি না,—এটাই ছিল আমাদের দেখা শেষ সূর্যাস্ত বা শেষ সকাল। হয়তো আজকের এই সন্ধ্যাটাই শেষ সন্ধ্যা। হয়তো এই কথাটাই শেষ কথা। হয়তো এই আলিঙ্গনটাই শেষ আলিঙ্গন।
বেঁচে থাকাটা শুধু নিঃশ্বাস নেওয়া নয়। বেঁচে থাকা মানে—কাউকে মন থেকে ভালোবাসা, কাউকে ক্ষমা করে দেওয়া, কারও চোখের জল মুছে দেওয়া, কাউকে নিজের উপস্থিতির নিশ্চয়তা দেওয়া, আর ছোট ছোট মুহূর্তগুলোকে বুকের ভেতর যত্ন করে রেখে দেওয়া। কারণ শেষ পর্যন্ত আমরা হয়তো পৃথিবীর বড় কোনো অর্জন সঙ্গে নিয়ে যাব না। কিন্তু কারও মনে থেকে যাবে আমাদের বলা একটি ভালো কথা, কারও হৃদয়ে থেকে যাবে আমাদের দেওয়া একটি আলিঙ্গন, কারও স্মৃতিতে থেকে যাবে আমাদের সঙ্গে কাটানো একটি সাধারণ বিকেল। আর হয়তো কোনো এক সন্ধ্যায়, আমাদের না-থাকার পৃথিবীতে কেউ একজন হঠাৎ আমাদের কথা মনে করে চুপ হয়ে যাবে… চোখের কোণে পানি জমবে…আর খুব আস্তে করে বলবে—“মানুষটা থাকলে ভালো হতো…”. তাই কখনোই ধরে নিও না যে, আমাদের হাতে অগণিত আগামীকাল পড়ে আছে।
জীবন আসলে বড় বড় ঘটনার সমষ্টি নয়—জীবন গড়ে ওঠে এই ছোট ছোট সাধারণ মুহূর্তগুলো দিয়ে। তাই কৃতজ্ঞ থাকি। মন খুলে ভালোবাসি। যতটা সম্ভব সহজে ক্ষমা করি। প্রিয় মানুষগুলোর পাশে থাকি। আর প্রতিটি সাধারণ দিনকেও অসাধারণভাবে বাঁচি কারণ আজ যে মুহূর্তটাকে খুব সাধারণ ভেবে পেরিয়ে যেতে দেখছি, হয়তো কোনো একদিন সেই মুহূর্তটিই আমাদের সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে ফিরে আসবে। আগামীকাল আসবে কি না, সেই প্রতিশ্রুতি সময় কখনো কাউকে দেয়নি।