১৯/০৭/২০২৬-যখন আমরা শিশু ছিলাম

যখন আমরা শিশু ছিলাম, আমরা ভাবতাম সবাই আমাদের বন্ধু। আমাদের হৃদয় অনেক বড় থাকে। আমরা সহজেই বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমাদের চারপাশের মানুষ সবসময় থাকবে। কিন্তু জীবন যত এগোতে থাকে, কিছু পরিবর্তন হয়। আপনি কঠিন মুহূর্ত, হতাশা, ব্যর্থতা, ক্ষতির সম্মুখীন হতে শুরু করেন। আর সেই কঠিন সময় যা মানুষের আসল রূপ প্রকাশ করে এবং ধীরে ধীরে আমাদের বৃত্ত ছোট হতে থাকে। আপনি শীতল হয়ে গেছেন বলে নয়। বরং আপনার একটু জ্ঞান হয়েছে বলে। আপনি উপলব্ধি করেন যে সবাই আপনার সব দাওয়াতী অনুষ্ঠানে আসবে। আসলে ব্যাপারটা সে রকমের নয়। ব্যাপারটায় একটা রেসিপি আছে, যখন আপনার সবকিছু উত্তেজনাপূর্ণ জীবন থাকে তখন আসলেই সবাই আসবে। যখন জীবন ভালো চলছে তখন সবাই টেবিলে একটি আসন চায়। কিন্তু যখন আপনি কষ্টে থাকেন তখন খুব কম লোকই  আপনার সেই দাওয়াতী অনুষ্ঠনে আসবে। যখন আপনি আপনার জীবনের সর্বনিম্ন পর্যায়ে থাকেন তখন খুব কম লোকই আপনার পাশে বসবে। তারাই আপনার আসল বন্ধু যারা কিছুই পাওয়ার নেই তখনও থাকে। যারা অন্য কেউ খোঁজ না নিলেও আপনার খোঁজ নেয়। যারা জীবন যখন ভারী হয়ে যায় তখন আপনার কিছু বোঝা বহন করে।

একটি বড় বৃত্তের পেছনে ছুটবেন না। সেই অল্প কয়েকজন মানুষকে রক্ষা করুন যারা প্রমাণ করেছে যে তারা সত্যিই যত্নশীল। কারণ শেষ পর্যন্ত, এক মুঠো আসল বন্ধু এক ভিড় মেকি বন্ধুর চেয়ে বেশি মূল্যবান।

ছোট একটা ঘটনা আমার এই বিশ্বাস আরো চুড়ান্ত করেছে। ছোট একটা ছেলে তার বাবাকে বল্লো-বাবা, আজ আমার জন্মদিন। দয়া করে আমার সব বন্ধুদের ফোন করে তাদের জানিয়ে দাও এবং আমার জন্মদিন উদযাপন করো বাবা, ছোট ছেলেটি তার বাবার কাছে আবদার করলো। বাবা হেসে বললেন, অবশ্যই বাবা, আমি করব।

ছেলেটি স্কুলে গেল এবং সারাদিন ধরে পার্টির আমেজ নিয়ে বিকেলে বাড়ি ফিরে দেখলো ঘর প্রায় খালি এবং নীরব। শুধু তিনজন বাচ্চা বসার ঘরে বসে আছে। মাত্র তিনজন। তার সব বন্ধুদের মধ্যে মাত্র তিন জন হাজির হয়েছিলো। ছেলেটির ছোট্ট মুখটা মলিন হয়ে গেল এবং সে তার বাবার দিকে তাকালো। ছেলেটি বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কি সত্যিই আমার সব বন্ধুদের ফোন করেছিলে? বাবা বললেন, হ্যাঁ, আমি তোমার প্রত্যেক বন্ধুর কাছে ফোন করেছিলাম। ছেলেটি জিজ্ঞাসা করল, বাবা, তাহলে মাত্র তিনজন কেন এলো? বাবা ছেলেকে টেনে জড়িয়ে ধরলেন এবং এমন কিছু বললেন যা আমাকে স্তব্ধ করে দিল।

বাবা তার ছেলেকে বুকে টেনে নিয়ে তার মুখটি দুই হাত ধরে চেপে খুব আদরের সাথে বললেন, বাবা, আমি তোমার সব বন্ধুদেরকে ফোন করেছিলাম, কিন্তু আমি তাদের বলিনি যে আজ তোমার জন্মদিন, আমি শুধু তাদের বলেছিলাম যে তুমি অসুস্থ এবং তোমার তাদের প্রয়োজন। আর এই তিনজন, তারা সবকিছু ছেড়ে ছুটে এসেছে। বাবা ফিসফিস করে বললেন, কেক আর পার্টির জন্য যে কেউ তোমার জন্য আসবে। কিন্তু আসল বন্ধুরা তখনই আসবে যখন তাদের জন্য কিছুই নেই, শুধু তুমি আছ, যখন তুমি অসুস্থ, যখন তুমি ভেঙে পড়েছ, তুমি একা এবং তোমার তাদের প্রয়োজন। তারাই তোমার যত্ন নেয় এবং তারাই তোমার আসল বন্ধু।